ব্যথা

ডুবে যাওয়া দেখছি একাকী
পাড় ভেঙে হাহাকার ফিরে গেছে শেষে
এত ভিড়, সমাগম
পাহাড় ডিঙিয়ে আজ নিরেট আঁধার
জমাট বেঁধেছে কবে পাঁজরে পাঁজরে
অসহায়
বোবা এক অসহ্য ভয়

এখন অচেনা লাগে ঢেউ
নিপুণ নাবিক নই, সুধা নই, নই প্রিয় নারী
হৃদয়ের পরিধি পেরিয়ে
দূর থেকে তবু বলে যেতে পারি
তমোঘ্ন প্রদীপখানি মায়ালোক থেকে
ধুয়ে দিক মুছে নিক নিকষ রজনী

তারপর
পর্যায়ক্রমে
বিচ্ছিন্ন দুটি পথ ফিরে যাক গন্তব্যে অবাধ

Comments